ফরাসী বিপ্লব কি অনিবার্য ছিল
ফরাসী বিপ্লব কি অনিবার্য ছিল?
আর্থ-সামাজিক, রাজনৈতিক ও দার্শনিকদের প্রভাবে ফরাসী বিপ্লব হয়। কিন্তু প্রশ্ন হল ফরাসী বিপ্লব কি অনিবার্য ছিল? ডেভিড টমসনের মতে ১৭৮৯ সালে ফ্রান্সের দায়িত্বশীল লোকেরা এই বিপ্লবকে কাম্য মনে করেননি।
অষ্টাদশ শতক থেকে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক জীবনে সংকট দেখা দেয়। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও শিক্ষাবিস্তারের ফলে মধ্যবিত্ত শ্রেণী বা উদীয়মান বুর্জোয়াশ্রেণী ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারা প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল। কারণ প্রচলিত ব্যবস্থায় এই শ্রেণীর কোনরূপ সামাজিক কৌলিন্য ছিল না। সমাজের সমস্ত সুবিধা উচ্চ দুই শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা ভোগ করত। স্বাভাবিকভাবে বুর্জোয়াদের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব হয়নি। ফলে ফরাসী বিপ্লব অনিবার্য হয়ে পড়ে।
বেশ কিছু পণ্ডিতের বক্তব্য হল মধ্যবিত্তশ্রেণীর অসন্তোষকে যদি বুর্বো রাজারা সহানুভূতির সঙ্গে বিবেচনা করত তাহলে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা ছিল না। কৃষক ও শ্রমিকদের দুর্দশা লাঘব হলে বিপ্লব এড়ানো যেত। ফরাসী রাজারা সামন্ত শ্রেণীর বিশেষ অধিকারকে লোপ করতে পারেনি বলেই বিপ্লব হয়। যদি ফরাসী রাজতন্ত্র অভিজাত শ্রেণীর বিশেষ অধিকারকে হরণ করতে পারত তাহলে বিপ্লব হত না।
অবশ্য এই বক্তব্যকে অনেকে মানেন না। কারণ অভিজাতদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেই পরিস্থিতির পরিবর্তন হত না। পুরানোতন্ত্রের বিরুদ্ধে এই বিপ্লব হয়েছিল। থিয়ার্সের বক্তব্য হল ফরাসী বিপ্লব অনিবার্য ছিল। ষোড়শ লুই মিরাব্যুর পরামর্শ গ্রহণ করে যদি সংস্কারকে সমর্থন করতেন তাহলেও বিপ্লবকে এড়ানো যেত না। তৃতীয় শ্রেণী ধন ও জ্ঞান লাভ করার পরিণতিতে বিপ্লব দেখা দেয়। ফরাসী বিপ্লব তাই ইতিহাসের ধারাবাহিকতার সূত্র ধরেই এসেছিল এতে কোন সন্দেহ নেই।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.